দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রেতা সংকট ও চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাজারের সব দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। তিনদিন আগে এ বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা। বর্তমানে তা কমে কেজিপ্রতি ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ সময় কিছুটা নিম্নমানের পেঁয়াজের দাম ছিল ৪২ টাকা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘দেশী মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় এর আগে মোকামে সরবরাহ সংকট দেখা দিয়েছিল। সে সময় নতুন হালি পেঁয়াজ উঠতে শুরু করলেও সেটির দাম বেশি ছিল। এছাড়া কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করে রাখছিলেন, যার প্রভাব পড়েছিল দামে। বর্তমানে বাজারে প্রশাসনের নজরদারি বেড়েছে। তাই মোকামেই পণ্যটির দাম কমেছে।’
তিনি জানান, তিনদিন আগেও মোকামে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা। বর্তমানে তা কমে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় নেমে এসেছে। কম দামে কিনতে পারায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রেতারা সে দামে বিক্রি করছেন।