দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনে চুক্তি ঘোষণা করেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এ চুক্তির লক্ষ্য হলো পরস্পরের বিনিয়োগকে সমর্থন এবং দেশ দুটির মধ্যে পণ্য ও মানুষের চলাচল আরো সহজ করা। খবর রয়টার্স।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ দুটি বছর খানেক আগে যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে নীতিগতভাবে সম্মত হয়েছিল। এবার তা চুক্তিতে গড়াল।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং ও শীর্ষ মন্ত্রিপরিষদ সদস্যদের মালয়েশিয়া সফরকালে গতকাল চুক্তির ঘোষণা দেয়া হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন লরেন্স ওং। সেখানে মালয়েশিয়ার অর্থনীতিবিষয়ক মন্ত্রী রফিজি রামলি জানান, জোহর অর্থনৈতিক অঞ্চলে উচ্চ মূল্যের বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্য নিয়ে উভয় দেশ কাজ করবে। এর মধ্যে উৎপাদন, লজিস্টিকস, পর্যটন ও জ্বালানি রূপান্তরের মতো খাতগুলো অন্তর্ভুক্ত থাকবে।
এখন প্রথম পাঁচ বছরের মধ্যে ৫০টি প্রকল্প ও ২০ হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থনৈতিক অঞ্চলে আসা কোম্পানিকে সাহায্য করতে অবকাঠামো তহবিল স্থাপন ও পরিচালনা করবে মালয়েশিয়া। অন্যদিকে এখানে আসা দেশী কোম্পানিকে বিনিয়োগে সাহায্য করবে সিঙ্গাপুর।
প্রতিদিন হাজার হাজার মালয়েশিয়ান কর্মসংস্থান ও পড়াশোনার জন্য ছোট এবং ধনী প্রতিবেশী দেশ সিঙ্গাপুরে যাতায়াত করেন। ফলে দেশ দুটির মধ্যে সংযোগকারী রুট বিশ্বের ব্যস্ততম সীমান্ত পারাপারগুলোর একটি। এখানকার কজওয়েতে ঘন ঘন যানজট দেখা যায়।