পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৯০ কোটি ১ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসেবে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৩০ হাজার টাকা। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৫ দশমিক ১৯ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সায়।
২০২৩ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯৭ দশমিক ৯৯ শতাংশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সায়।
২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৪২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা।
মিডল্যান্ড ব্যাংকের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ১৪ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১২ টাকা ৩০ পয়সা ও ৩৬ টাকা ১০ পয়সায়।