ইপিজেড শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করছে বেপজা

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) পোশাক খাতের কর্মীদের কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে মৃত্যু বা স্থায়ী শারীরিক অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রদান করা হবে। এ উপলক্ষে গতকাল বেপজা, আইএলও এবং জিআইজেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইআইএস প্রকল্পের মাধ্যমে ইপিজেডের তৈরি পোশাক খাতের শ্রমিকরা কর্মক্ষেত্রে এবং আবাসস্থল থেকে কর্মক্ষেত্রে যাতায়াতকালে সংঘটিত দুর্ঘটনায় মৃত্যু অথবা আঘাতজনিত স্থায়ী অক্ষমতায় প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের আর্থিক সুবিধা পাবেন। প্রাথমিকভাবে এ প্রকল্পটিতে পোশাক খাতের শ্রমিকরা উপকৃত হবেন, তবে ধীরে ধীরে অন্যান্য খাতের শ্রমিকদের জন্যও এটি সম্প্রসারণ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘এ প্রকল্পটি ইপিজেডগুলোয় কর্মরত শ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদার করবে, যা দেশের টেকসই শিল্প প্রবৃদ্ধিতে অবদান রাখবে।’

এ সময় তিনি জানান, শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইপিজেডে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে, পাশাপাশি শ্রমিক ও শিশুদের যত্নের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পওটিয়াইনেন ইআইএস প্রকল্পে বেপজার অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটি শ্রমিক কল্যাণের জন্য একটি ভালো পদক্ষেপ। আমি বেপজার বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাই কারণ তারাই এটি বাস্তবায়ন করবেন। আমি এ প্রকল্পের সাফল্যের জন্য আশাবাদী।’

অনুষ্ঠানে ইআইএস পাইলট প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল এক্সপার্ট ড. আনা মেরি লা রোসা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ইআইএসের সার্বিক বিষয় উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিআইজেড বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর স্টয়ানকা স্টিচ, তার সহযোগী ড. সিলভিয়া পপ, জিআইজেড বাংলাদেশের উপদেষ্টা ড. রোশান আফরোজ, ইআইএস স্পেশাল ইউনিটের উপদেষ্টা শফিকুল ইসলাম, আইএলও জেনেভা মিশনের আন্দ্রে পিকার্ড, আইএলও ঢাকার সাদ গিলানি, আইএলও ঢাকা এবং জেনেভার প্রতিনিধিরা, জিআইজেড প্রতিনিধি, ইপিজেড বিনিয়োগকারী, ব্র্যান্ড ক্রেতা প্রতিনিধি এবং বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও