বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে গতকাল দেশটির শ্রমমন্ত্রী ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে থাই শ্রমমন্ত্রী জানান, এ অংশীদারত্বের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে কর্মী নিয়োগ শুরু করা সম্ভব হবে।
এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুর্শিদ কাজী বলেন, ‘বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত পদ্ধতিতে থাইল্যান্ডে কর্মী পাঠাতে প্রস্তুত।’ এ সময় তিনি শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের বিদ্যমান সিস্টেম ও প্রক্রিয়া সরজমিনে দেখতে সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য এমওইউ নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার দায়িত্ব দেন। পাশাপাশি দেশটিতে চলমান শ্রমিক ঘাটতি সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এখন পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে থাই মন্ত্রীকে অবহিত করেন। তিনি থাইল্যান্ডের ক্ষেত্রেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।