প্লাগ-ইন হাইব্রিডসহ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে ২০২৪ সালে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় বিক্রি আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১ কোটি ৭০ লাখে পৌঁছেছে। ডিসেম্বরে টানা চতুর্থবারের মতো রেকর্ড বিক্রির মাধ্যমে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এতে ভূমিকা রেখেছে চীনের ইভি বাজারের প্রবৃদ্ধি ও ইউরোপের স্থিতিশীলতা।
গবেষণাপ্রতিষ্ঠান রো মোশনের সাম্প্রতিক প্রতিবেদন উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, প্রণোদনার পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা চীনে বিদ্যুচ্চালিত যানবাহনের বিক্রিকে গতিশীল করেছে। অন্যদিকে ২০২৪ সালে ইউরোপে ব্যাটারিচালিত গাড়ির সবচেয়ে বড় বাজার হিসেবে জার্মানিকে ছাড়িয়ে গেছে ব্রিটেন।
ইভি নির্মাতারা ২০২৫ সালকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হিসেবে দেখছে। কারণ একদিকে চীনে বিক্রি বৃদ্ধি মন্থর হচ্ছে, অন্যদিকে ইউরোপ কার্বন নিঃসরণ কমাতে নতুন নিয়ম চালু করছে। আবার নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কীভাবে যুক্তরাষ্ট্রে ইভিসংক্রান্ত নীতিগুলো পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রো মোশনের তথ্যানুযায়ী, সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ির বৈশ্বিক বিক্রি আগের বছরের ডিসেম্বরের তুলনায় গত মাসে বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। এ সময় গাড়ি বিক্রি হয়েছে ১৯ লাখ ইউনিট। একই মাসে চীনে এসব গাড়ি বিক্রি ৩৬ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ইউনিটে। আর ২০২৪ সালজুড়ে দেশটিতে মোট বিক্রি হয়েছে ১ কোটির বেশি ইভি ও হাইব্রিড গাড়ি।
প্রকাশিত প্রতিবেদন আরো বলছে, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ইভি বিক্রি ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ লাখ ৯০ হাজার হয়েছে। ইউরোপে ২০২৩ সালের একই মাসের তুলনায় বিক্রি দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩ লাখ ১০ হাজারে। এছাড়া বিশ্বের অন্যান্য অংশে ডিসেম্বরে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ।
রো মোশন এক বিবৃতিতে বলেছে, ‘জার্মানিতে ভর্তুকি প্রত্যাহার পুরো ইউরোপীয় বাজারে একটি বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছিল। যুক্তরাষ্ট্র যদি একই কাজ করে, তাহলে আমরা সেখানে একই রকম ফলাফল দেখতে পারি।’
অক্টোবরের শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুল্ক চালু করার পর নভেম্বরের বিক্রির তথ্য নিয়ে রো মোশনের ডাটা ম্যানেজার চার্লস লেস্টার রয়টার্সের সঙ্গে আলোচনা করেন। তার ভাষ্য, চীনের তৈরি জনপ্রিয় ইভি মডেলের বিক্রিতে কোনো স্পষ্ট পতন দেখা যায়নি। এসব গাড়ির বিক্রিতে শুল্ক কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।
প্রতিবেদন বলছে, ইইউ অটোমেকাররা কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ সম্পর্কিত কঠোর নিয়মের মুখোমুখি হচ্ছে। ফলে বড় জরিমানা এড়াতে এসব কোম্পানি একত্রিত হয়ে টেসলা ও পোলস্টারের মতো বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানির কাছ থেকে কার্বন ক্রেডিট কেনার পরিকল্পনা করছে। একই সময়ে চীন আরো বেশি মানুষকে বিদ্যুৎচ্চালিত গাড়ি কিনতে উৎসাহিত করতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করতে কাজ করছে। ৮ জানুয়ারি পুরনো গাড়ি বদলানোর জন্য প্রদত্ত ভর্তুকি ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা সরকার।
এদিকে ইভির বিক্রিতে মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেসলা ও চীনের বিওয়াইডি। চলতি মাসের শুরুতে এক কোম্পানি দুটি ঘোষিত বিবরণ থেকে জানা যায়, বিওয়াইডি ২০২৪ সালে ১৭ লাখ ৬০ হাজার ইভি বিক্রি করেছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম ইভি বিক্রেতা টেসলা সরবরাহ করেছে প্রায় ১৮ লাখ গাড়ি।
মোট বিক্রির সংখ্যায় এগিয়ে থাকলেও গত বছর এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বার্ষিক বিক্রিতে পতন দেখেছে টেসলা। এপির প্রতিবেদন অনুসারে, টেক্সাসের অস্টিনভিত্তিক কোম্পানিটি শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৪ লাখ ৯৫ হাজার ৫৭০টি গাড়ি বিক্রি করেছে, যা পুরো বছরে সরবরাহকে ১৭ লাখ ৯০ হাজারে ইউনিটে উন্নীত করেছে। এটি ২০২৩ সালের ১৮ লাখ ১০ হাজার ইউনিট বিক্রির তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। মূলত যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাজারে বিদ্যুচ্চালিত যানবাহনের চাহিদা কমে যাওয়ার প্রভাব পড়েছে ইলোন মাস্কের কোম্পানিতে।