জুলাই-মার্চ

মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি।

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মতিন স্পিনিংয়ের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ কোটি ২১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ দশমিক ৩৫ গুণ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৬৫০ কোটি ৩৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫৬ কোটি ৯২ লাখ টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মতিন স্পিনিংয়ের আয় হয়েছে ২০৪ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭৫ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৫ পয়সা,আগের হিসাব বছরে যা ছিল ৯৮ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৩৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মতিন স্পিনিংয়ের ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬৮ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে মতিন স্পিনিং মিলস বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৭৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৪ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলস। সমাপ্ত ২০২১ হিসাব বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মতিন স্পিনিং মিলস। আগের হিসাব বছরে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

মতিন স্পিনিংয়ের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৭২ কোটি ৭৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার। এর মধ্যে ৩২ দশমিক ৭২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৫ দশমিক শূন্য ৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২২ দশমিক ২২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও