সাধারণ শেয়ারহোল্ডারদের ১০% নগদ লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম

কোম্পানিটির তথ্য অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে থাকা ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ারের বিপরীতে মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা নগদ লভ্যাংশ বিতরণ করা হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২৬ হিসাব বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ারের বিপরীতে এ লভ্যাংশ দেয়া হবে না।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে থাকা ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ারের বিপরীতে মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। অন্যদিকে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ২৫০টি শেয়ার এ লভ্যাংশের আওতাভুক্ত হবে না।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে ৬১ শতাংশ। একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফাও আগের বছরের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৪৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে প্রতি বছরই শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিয়ে আসছে লাভেলো আইসক্রিম। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

আরও