চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভারত থেকে চা রফতানি বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ। এ সময় দেশটির মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৮৫ লাখ ২০ হাজার কেজিতে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইরাকসহ প্রধান বাজারগুলোয় অনুকূল চাহিদা বজায় থাকায় রফতানিতে এ প্রবৃদ্ধি দেখা গেছে। ভারত গত বছরের একই সময় মোট ২১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার কেজি চা রফতানি করেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ভারতের চা বোর্ডের হিসাব অনুযায়ী, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ভারতের চা রফতানি আয় দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ কোটি ৯১ লাখ রুপিতে। এটি আগের বছরের ৫ হাজার ৮৩১ কোটি ১০ লাখ রুপির তুলনায় ১৮ শতাংশ বেশি। এছাড়া প্রতি কেজি চায়ের গড় রফতানি মূল্যও বেড়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ।
উত্তর ভারত থেকে জানুয়ারি-অক্টোবর পর্যন্ত চা রফতানি ১৯ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৫ কোটি ৩২ লাখ ২০ হাজার কেজিতে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের ১২ কোটি ৮১ লাখ ৬০ হাজার কেজির তুলনায় বেশি।
তবে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এ সময় দক্ষিণ ভারতের রফতানি কমেছে প্রায় ১৩ শতাংশ। মোট রফতানি নেমেছে ৭ কোটি ৫৩ লাখ কেজিতে।