কৃষি প্রক্রিয়াকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এ আহ্বান জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘গাম্বিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এ দেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় এ সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে গাম্বিয়ার ট্রেড ভলিউম ছোট। উভয় দেশই তাদের রফতানি বাড়াতে পারে। বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দুই দেশের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে।’ এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পেরে গাম্বিয়ার জনগণ গর্বিত। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্য দিয়ে দুই দেশের মানুষের সংযোগ আরো বৃদ্ধি পাবে।’ এ সময় তিনি বাংলাদেশ থেকে সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও সেদেশের চিনাবাদাম বাংলাদেশে রফতানির আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) ড. নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা প্রমুখ।