কেনিয়ার কোম্পানির সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চুক্তি

তথ্য অনুযায়ী, নর্থ লাইট হোল্ডিংস লিমিটেড কেনিয়ার প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত একটি বেসরকারি প্রতিষ্ঠান।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কেনিয়ার নর্থ লাইট হোল্ডিংস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, নর্থ লাইট হোল্ডিংস লিমিটেড কেনিয়ার প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যালয় কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। চুক্তির আওতায় ওয়ালটনের পণ্য ক্রয়, বিপণন কার্যক্রম, মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করা এবং পণ্যের প্রচারের মাধ্যমে একটি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এছাড়া এ চুক্তির মাধ্যমে নির্ধারিত ভৌগোলিক অঞ্চলে ওয়ালটনের ব্র্যান্ড পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে লিবিয়ার ত্রিপোলিতে এএসআর আল টেকনিয়ার সঙ্গে গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষর করেছিল ওয়ালটন। চুক্তির ফলে তিন বছরের জন্য এএসআর আল টেকনিয়া লিবিয়ায় ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের ক্ষেত্রে অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে।

এছাড়া ক্যারিবিয়ান দেশ বার্বাডোজে নিবন্ধিত বার্গেইন ওয়্যারহাউজ ইনকরপোরেশনের সঙ্গেও এমন চুক্তি করেছিল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ছয় বছর মেয়াদি সেই চুক্তির আওতায় ওয়ালটনের ১৩টি পণ্য ১৬টি অঞ্চলে বিক্রি, বিতরণ ও বিপণনের জন্য বার্বাডোজের কোম্পানিটি অনুমোদিত ডিলার হিসেবে কাজ করবে। এর আগে শ্রীলংকা ও সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গেও একই ধরনের চুক্তি করেছিল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৯০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬৬ টাকা ৮০ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩৫০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ওয়ালটন হাই-টেকের ইপিএস হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭৯ টাকা ৩০ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ওয়ালটন হাই-টেকের ইপিএস হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৩৪৩ টাকা ৭৩ পয়সায়।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৬০০ কোটি, পরিশোধিত মূলধন ৩৬৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ও রিজার্ভে রয়েছে ১১ হাজার ৩৭৬ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৬ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ২৯৪। এর ৭১ দশমিক শূন্য ৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

আরও