সিলিকন রিভার ও ব্রেনগেইনের যৌথ সহায়তায় ৯ দিনব্যাপী এ রোড শো গতকাল শুরু হয়েছে, যা চলবে ১৩ জুন পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসআইএ। এতে বলা হয়, এ রোড শোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসায়ী, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা, নীতিনির্ধারক ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নিচ্ছেন।
বিএসআইএ সভাপতি এমএ জব্বার ও যুক্তরাষ্ট্রভিত্তিক পার্ডু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার বাংলাদেশ ইনিশিয়েটিভের প্রধান স্থপতি মুহাম্মদ মোস্তফা হুসাইনের নেতৃত্বে চলমান এ রোড শোতে আরো অংশগ্রহণ করছেন দেশের শিল্প ও শিক্ষা খাতের প্রতিনিধি, ব্রেনগেইন নেটওয়ার্কের সদস্যরা এবং ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
এ উদ্যোগের বিষয়ে বিএসআইএ সভাপতি এমএ জব্বার বলেন, ‘মানবসম্পদ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সিলিকন রিভার ও ব্রেনগেইনের মাধ্যমে আমরা বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের ভবিষ্যতের সঙ্গে মেলাতে চাই। আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং টেকসই প্রযুক্তি অর্থনীতিতে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া।’
অন্যদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দক্ষতায় এ রোড শো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন। তিনি বলেন, ‘দক্ষ জনবল, আন্তর্জাতিক মেলবন্ধন এবং টেকসই সহযোগিতাই হবে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের মূল ভিত্তি। এ রোড শোর লক্ষ্য হলো গবেষক, উদ্যোক্তা ও প্রবাসীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা; যা ভবিষ্যতে নতুন জ্ঞান তৈরি, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।’
আয়োজকরা আশা করছেন, এ রোড শো বিশ্ববাজারে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের অবস্থানকে মজবুত করবে। একই সঙ্গে চিপ ডিজাইন, উন্নত প্যাকেজিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা ও প্রযুক্তিভিত্তিক নতুন ব্যবসা চালুর ক্ষেত্রে এটি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।