২০২৪ সালে সৌদি আরবের অর্থনীতি ১ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হয়েছে। জ্বালানি তেল খাতে পতনের মাঝে এ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে জ্বালানি তেল-বহির্ভূত খাত। সম্প্রতি এ তথ্য দিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিটিকস (জিএএসটিএটি)। খবর আরব নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৫ শতাংশ, যা প্রান্তিকের হিসাবে দুই বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এ সময় জ্বালানি তেল-বহির্ভূত খাতে ৪ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আর জ্বালানি সম্পৃক্ত খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় জ্বালানি তেল খাতে উৎপাদন হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ।
সাম্প্রতিক তথ্যগুলো জিএএসটিএটির জানুয়ারিতে দেয়া পূর্বাভাসের সঙ্গে0মিলে যায়। তখন সংস্থাটি গত বছরের চতুর্থ প্রান্তিকের জন্য ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এ প্রবৃদ্ধি সৌদি আরবের চলমান অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কর্মসূচির প্রতিফলন বলে জানায় সংস্থাটি।
গত বছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পেট্রোলিয়াম পরিশোধন সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখেছে। শেষ তিন মাসে এ খাতে ১৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া পাইকারি ও খুচরা বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। আর্থিক পরিষেবা, বীমা ও ব্যবসায়িক খাতে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ।
২০২৪ সালে সৌদি আরবের জিডিপি ৪ লাখ ৭ হাজার কোটি রিয়ালে পৌঁছেছে। যেখানে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের অবদান ২২ দশমিক ৩ শতাংশ, সরকারি কার্যক্রম ১৬ দশমিক ২ শতাংশ এবং পাইকারি ও খুচরা বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল খাতের অবদান ১০ দশমিক ৩ শতাংশ।