উত্তর গোলার্ধের দেশগুলোয় চলছে গম সংগ্রহের মৌসুম। ফলে বিশ্ববাজারে খাদ্যশস্যটির সরবরাহ বাড়ছে। এর প্রভাবে গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম ৩ শতাংশের বেশি কমে গত এক সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল গমের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৫ ডলার ৪৬ সেন্টে নেমে এসেছে, যা গত ১ জুলাইয়ের পর সর্বনিম্ন।
সিডনিভিত্তিক আইকন কমোডিটিজের হেড অব অ্যাডভাইজরি সার্ভিসের ওলে হুয়ে বলেন, ‘গম সংগ্রহের মৌসুমে সাধারণত দাম কমে আসে। এর আগে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের গমের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল।’
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীতকালীন গমের দ্রুত মাড়াই, কৃষ্ণ সাগরীয় অঞ্চল এবং পশ্চিম ইউরোপে বড় ফসল—সব মিলিয়ে গমের দামে বড় চাপ তৈরি হয়েছে।
এদিকে গতকাল সিবিওটিতে ভুট্টা ও সয়াবিনের দাম ১ দশমিক ৫ শতাংশ কমেছে। খাদ্যশস্যগুলোর মূল্য নির্ধারণ হয়েছে যথাক্রমে বুশেলপ্রতি ৪ ডলার ২৭ সেন্ট ও ১০ ডলার ৩৩ সেন্ট।