ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ উৎপাদন করতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কো. লিমিটেড। এজন্য ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। এ লক্ষ্যে বেপজা ও ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিফার চেয়ারম্যান চিয়ান ড্যানচু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ ও ইউনিফা অ্যাকসেসরিজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি