দেশের পুঁজিবাজার খাতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনোভেশন হাবে ৩ ও ৪ অক্টোবর এই কর্মশালা আয়োজিত হয়।
‘এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস’ শীর্ষক এ প্রশিক্ষণে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ৩০ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালাটি আয়োজন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) ও এআই ফোরাম বাংলাদেশ। এর মূল লক্ষ্য ছিল ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের আর্থিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এআইয়ের বাস্তবসম্মত দক্ষতা অর্জনে সহায়তা করা।
কর্মশালাটিতে অংশ নেন লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা, প্রযুক্তি কর্মকর্তা এস এ আর মো. মুইনুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন ও সহকারী জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া ম্যানেজমেন্ট, ডিজিটাল রূপান্তর, হিসাব ও অর্থ, প্রাতিষ্ঠানিক ও বৈদেশিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, অপারেশনস, ট্রেড এক্সিকিউশন, শাখা পরিচালনা ও পুঁজিবাজার গবেষণা বিভাগের কর্মকর্তারাও এতে যোগ দেন।
এ সময় প্রশিক্ষণ পরিচালনা করেন দেশের খ্যাতিমান এআই বিশেষজ্ঞ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিকের পরিচালক এবং এআই ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. খন্দকার এ. মামুন। তার নেতৃত্বে অংশগ্রহণকারীরা বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করেন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
কর্মশালাটি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এ সময় তারা বাস্তব কাজের চ্যালেঞ্জ ও দৈনন্দিন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের মতে, এ উদ্যোগ দেশের আর্থিক খাতে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে ও শিক্ষা ও শিল্পের মধ্যে যোগসূত্র তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।
—বিজ্ঞপ্তি