দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে অংশ নিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এ স্কিমের আওতায় ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং এমটিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছর মেয়াদি রিভলভিং বা পুনর্ভরণযোগ্য এ তহবিল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে অর্থায়ন পাবে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৭ শতাংশ। এ স্কিমের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সাত বছর মেয়াদি ঋণ এবং এক বছর মেয়াদি চলতি মূলধন ঋণ নিতে পারবে।
অর্থায়নটি ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদন, কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ, আধুনিক যন্ত্রপাতি ক্রয়, কোল্ড স্টোরেজ স্থাপন, পরিবেশগত অনুপালন অবকাঠামো নির্মাণ এবং এলডব্লিউজি সনদ অর্জনের ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে চামড়া শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও রফতানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার আশা করছে এমটিবি।