দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং একটি সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে ‘ন্যাশনাল এনার্জি স্টাডি ফর বাংলাদেশ’ শীর্ষক সমীক্ষা শুরু করছে বিদ্যুৎ বিভাগ, এইচএসবিসি ও দ্য কার্বন ট্রাস্ট। এতে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ বিদ্যুতের চাহিদা, নবায়নযোগ্য জ্বালানি, শক্তি সঞ্চয় ও স্বল্প-কার্বন প্রযুক্তির সম্ভাবনা মূল্যায়ন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার ‘ইনাগোরাল ব্রিফিং’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি উইংয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজার সভাপতিত্বে এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এইচএসবিসি ও দ্য কার্বন ট্রাস্টের প্রতিনিধিরা অংশ নেন।
এইচএসবিসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সমীক্ষায় তথ্য বিশ্লেষণ, অংশীজনদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনার সম্ভাব্য পথ চিহ্নিত করা হবে। একই সঙ্গে ব্যয়-সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানি সমাধান এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সম্ভাব্য সুযোগও পর্যালোচনা করা হবে। এর ভিত্তিতে একটি স্থিতিস্থাপক বিদ্যুৎ খাতে রূপান্তরের রোডম্যাপ তৈরির লক্ষ্য রয়েছে।
সভায় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার সূচনা, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশের জ্বালানি মিশ্রণের সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখবে। আমরা দ্য কার্বন ট্রাস্ট ও এইচএসবিসির সঙ্গে অংশীদারত্বকে স্বাগত জানাই।’ এছাড়া বিদ্যুৎ ব্যবস্থার জন্য আরো সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নির্ভরযোগ্য ও নিরাপদ বাস্তবসম্মত পথ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিস্থাপকতার জন্য জ্বালানি নিরাপত্তাকে মৌলিক বিষয় মনে করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য জাতীয় জ্বালানি সমীক্ষাটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।’
দ্য কার্বন ট্রাস্টের জ্বালানি রূপান্তর বিষয়ক পরিচালক অ্যান্ড্রু লিভার জীবাশ্ম জ্বালানি রূপান্তর, গ্রিড আধুনিকায়ন ও নবায়নযোগ্য জ্বালানি সংহতকরণে তাদের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে সহযোগিতা করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জলবায়ু ও জ্বালানি রূপান্তর বিষয়ে সরকার এবং সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজের অংশ হিসেবে এইচএসবিসি সমীক্ষাটিতে সহায়তা করছে। পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতেও দ্য কার্বন ট্রাস্টের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করেছে ব্যাংকটি।