এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ দশমিক ৪৮ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দশমিক ১৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দশমিক ২৭ টাকায়। এছাড়া নিট সুদ আয়ের প্রবৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের কারণে প্রভিশন-পূর্ব পরিচালন মুনাফা বেড়েছে ৬৭ শতাংশ। ইউনাইটেড ফাইন্যান্স কর্তৃক গতকাল প্রকাশিত বছরের প্রথমার্ধের আর্থিক ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
জানুয়ারি-জুন সময়ে প্রতিষ্ঠানটির মোট লিজ, ঋণ, অগ্রিম ও বিনিয়োগ পোর্টফোলিও দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৯০ লাখ টাকা, যেখানে লিজ-ঋণ-অগ্রিম পোর্টফোলিও বেড়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় আমানত ১১ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ কোটি ৩০ লাখ টাকায়।
অন্যদিকে দায়িত্বশীল অর্থায়নের ক্ষেত্রেও ইউনাইটেড ফাইন্যান্সের অগ্রগতি লক্ষণীয়। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট বিতরণের ৮১ শতাংশই গেছে সবুজ ও টেকসই অর্থায়নে, যা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এছাড়া প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ ‘উমা’-এর মাধ্যমে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, স্টেটমেন্ট ডাউনলোড, ব্যালান্স কনফার্মেশন সার্টিফিকেট ও এআইটি সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা বিনামূল্যে পাচ্ছেন।
এ অর্জনের জন্য ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের মূল শক্তি এর বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার ডিএনএ এবং সুদৃঢ় করপোরেট গভর্ন্যান্স, যার কারণে সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যেও ধারাবাহিক সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’-প্রাপ্ত ইউনাইটেড ফাইন্যান্স ৩৭ বছর ধরে দেশজুড়ে আর্থিক সেবা দিয়ে আসছে।