বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই গ্রাহকদের ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন।
জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তোলা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের মন্থর অর্থনীতির চাকাকে গতিশীল করাই মূল লক্ষ্য।