ইউএসডিএর পূর্বাভাস

২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী কমতে পারে তুলা উৎপাদন

বিশ্বব্যাপী তুলা উৎপাদন ২০২৫-২৬ বিপণন বর্ষে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।

বিশ্বব্যাপী তুলা উৎপাদন ২০২৫-২৬ বিপণন বর্ষে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। যদিও এ সময় পণ্যটির বৈশ্বিক ব্যবহার বাড়বে বলে সংস্থাটির ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড (ডব্লিউএএসডিই) প্রতিবেদনের জানুয়ারি ২০২৬ সংস্করণে জানানো হয়েছে। এছাড়া চলতি বিপণন বর্ষে তুলার সমাপনী মজুদ কমে আসবে। তবে এ সময় স্থিতিশীল থাকতে পারে কৃষিপণ্যটির আমদানি-রফতানি। খবর ফাইবার টু ফ্যাশন।

ডব্লিউএএসডিই প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী তুলা উৎপাদন নেমে আসতে পারে ১১ কোটি ৯৪ লাখ ৩০ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড বা ২১৭ দশমিক ৭ কেজি)। একই সময়ে বিশ্বব্যাপী তুলার ব্যবহার বেড়ে পৌঁছতে পারে ১১ কোটি ৮৯ লাখ ২০ হাজার বেলে।

এর আগে ডিসেম্বর সংস্করণে ইউএসডিএ বিশ্বব্যাপী তুলা উৎপাদন ও ব্যবহার বাড়ার পূর্বাভাস দিয়েছিল যথাক্রমে ১১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ও ১১ কোটি ৮৬ লাখ ১০ হাজার বেল।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী তুলা উৎপাদন কমার মূল কারণ কয়েকটি প্রধান উৎপাদনকারী দেশে ফলন ও উৎপাদন হ্রাস। এ সময় চীনে তুলা উৎপাদন বাড়লেও ভারত, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও তুরস্কে উৎপাদন কমার প্রভাব তা ছাপিয়ে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডেল্টা অঞ্চলে উৎপাদন কমে যাওয়ায় দেশটির গড় ফলন এক মাসেই ৮ শতাংশ কমেছে। পাশাপাশি ভারতের আগের মৌসুমের উৎপাদন ও মজুদের হিসাবেও নিম্নমুখী সংশোধন এসেছে। এসব কারণে বৈশ্বিক তুলা উৎপাদন কমার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদন বাড়তে পারে ১০ লাখ বেল। তবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও তুরস্কের উৎপাদন কমবে।

ইউএসডিএ জানায়, বিশ্বব্যাপী তুলার ব্যবহার তিন লাখ বেলেরও বেশি বাড়ানো হয়েছে। এ সময় চীনে কৃষিপণ্যটির ব্যবহার বাড়লেও তুরস্ক ও নিকারাগুয়ায় তা কমে যেতে পারে।

তবে এ সময় স্থিতিশীল থাকবে বৈশ্বিক তুলা আমদানি-রফতানি। ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলা আমদানি বেড়ে ৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার বেলে পৌঁছতে পারে।

২০২৫-২৬ মৌসুমে তুলার বৈশ্বিক সমাপনী মজুদ কমে ৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার বেলে নেমে আসতে আসতে পারে, ডিসেম্বরে দেয়া প্রাক্কলনে যা ছিল ৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার বেল।

ইউএসডিএ আরো জানায়, যুক্তরাষ্ট্রে ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদন প্রাক্কলন আগের মাসের তুলনায় ২ শতাংশের বেশি কমিয়ে ১ কোটি ৩৯ লাখ বেলে নির্ধারণ করা হয়েছে। মূলত ডেল্টা অঞ্চলে উৎপাদন কমে যাওয়ায় এ সংশোধন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া যুক্তরাষ্ট্রের তুলার সমাপনী মজুদ ৭ শতাংশ কমিয়ে ৪২ লাখ বেলে নামানো হয়েছে, যা মোট চাহিদার ৩০ দশমিক ৪ শতাংশের সমান। এ পরিস্থিতিতে ২০২৫-২৬ মৌসুমে যুক্তরাষ্ট্রে কৃষক থেকে তুলা কেনার গড় মূল্য বেড়ে পাউন্ডপ্রতি ৬১ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

আরও