ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিবিএ ২৮তম ব্যাচের আয়োজনে আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘মার্কেটিং সেলস কার্নিভাল ২০২৬’। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ আয়োজন চলবে।
দুই দিনব্যাপী এ কার্নিভালে প্রতিষ্ঠিত কোম্পানি, উদীয়মান ব্যবসা ও তরুণ শিক্ষার্থীরা এক মঞ্চে মিলিত হবেন। এতে শ্রেণিকক্ষে অর্জিত মার্কেটিং জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিক্রয়কর্মীর ভূমিকায় সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, পণ্য উপস্থাপন, ভোক্তার চাহিদা অনুধাবন ও বিক্রয় কার্যক্রমে অংশ নেবেন তারা।
দর্শনার্থীদের জন্য থাকছে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী, সরাসরি পণ্যের ব্যবহার প্রদর্শন এবং কেনাকাটার সুযোগ। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগ সম্পর্কে জানার সুযোগও মিলবে।
কার্নিভালের স্টল পার্টনার হিসেবে থাকছে নাবিল গ্রুপ, মিঠাই, বসুন্ধরা গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই), স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), মি. নুডলস, ম্যাটাডর, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড, প্রাণ, আবুল খায়ের গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, জামদানি ফ্রম ইটস রুট, বগুড়ার দই, স্ন্যাপএনকিপ, প্রেসি, সুচিত্রী ও তুলিস্পর্শ।
ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ও কার্নিভালের আহ্বায়ক অধ্যাপক ড. শেহেলী পারভিন বলেন, ‘২০১৫ সাল থেকে সেলস কার্নিভাল আমাদের বিভাগে আয়োজিত হয়ে আসছে, যা এ বিভাগের ঐতিহ্য। তাই এ ঐতিহ্যকে উদ্যাপন করতে এবং এর ধারাবাহিকতার অংশ হতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।’
আয়োজকদের মতে, এ কার্নিভাল শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে। এ আয়োজনের মিডিয়া পার্টনার বণিক বার্তা