পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
বর্তমানে এ কেন্দ্রে উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। চলতি বছরের মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলমান রয়েছে।’