র্যানকন মোটর বাইকস লিমিটেডের গ্রাহকদের মোটরসাইকেল কেনার জন্য প্রতিযোগিতামূলক সুদহারে ঋণ সুবিধা দেবে ব্যাংক এশিয়া পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের ফলে গ্রাহকদের জন্য টু-হুইলার ঋণ গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. সাব্বির হোসেন এবং র্যানকন মোটর বাইকসের বিভাগীয় পরিচালক ইমরান জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ অংশীদারত্বের আওতায় র্যানকন মোটর বাইকসের গ্রাহকরা ব্যাংক এশিয়ার টু-হুইলার ঋণ সুবিধা নিতে পারবেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠান যৌথ বিপণন, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে গ্রাহকদের অর্থায়ন সুবিধা বাড়বে। একই সঙ্গে ব্যাংক এশিয়া ও র্যানকন মোটর বাইকসের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি দেশের মোটরসাইকেল শিল্প ও আর্থিক সেবা খাতের বিকাশেও ভূমিকা রাখবে অংশীদারত্বটি।