১.৬% মূল্যহ্রাসের পথে স্বর্ণের সাপ্তাহিক বাজার

যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) ডাটা। এ তথ্য শিগগিরই প্রকাশ হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) ডাটা। এ তথ্য শিগগিরই প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ডলারের বিনিময় হার কিছুটা কমেছে। ফলে গতকাল বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কঠোর সুদহার নীতি ধরে রেখেছে। এসবের প্রভাবে গতকাল অন্তত ১ দশমিক ৬ শতাংশ পতনের পথে ছিল স্বর্ণের সাপ্তাহিক বাজার। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বুধবার ২০২৫ সালের শেষ নাগাদ দুবার ২৫ শতাংশীয় পয়েন্ট করে সুদহার কমানোর পূর্বাভাস দিয়েছে, যা প্রত্যাশার তুলনায় প্রায় অর্ধেক।

ইউরোপীয় ব্রোকার কোম্পানি মাইন্ড মানির সিইও জুলিয়া খানদোস্কো বলেন, ‘‌স্বর্ণের সাম্প্রতিক দামের ওঠানামা ফেড সভার সঙ্গে সম্পর্কিত। প্রত্যাশার তুলনায় ‘‌‘‌কঠোর’’ মনোভাব প্রদর্শন করছেন ফেডের নীতিনির্ধারকরা।’

খানদোস্কো জানান, চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ডলার। বছর শেষে এর দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ডলার পর্যন্তও পৌঁছতে পারে।’

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস। প্রতিষ্ঠানটি একটি নোটে জানায়, ফেড ২০২৫ সালে যদি শুধু দুবার সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে স্বর্ণের চাহিদা প্রত্যাশা সংশোধন করা হবে। এতে সামনের দিনগুলোয় মূল্যবান ধাতুটির দাম বাড়ার সম্ভাবনা সীমিত হতে পারে।’

তবে আগামী বছর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ঊর্ধ্বমুখী স্বর্ণ ক্রয় অব্যাহত রেখেছে। এছাড়া আগামী বছর অন্যান্য পণ্যসামগ্রীর মধ্যে স্বর্ণের ব্যবসা সবচেয়ে বেশি হতে পারে। তাই এ সময় রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে ধাতুটির দাম।

একটি নোটে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছাতে পারার পূর্বাভাস পুনর্ব্যক্ত করেছেন গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থাপনা পরিচালক ড্যান স্ট্রুইভেনসহ অন্যান্য বিশ্লেষক। নোটে তারা বলেন, ‘এমন পূর্বাভাসের মূল চালক হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর উচ্চ চাহিদা আর ফেডের সুদহার কমানোর সম্ভাবনা।’

এদিকে স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৬০৫ ডলার ৪১ সেন্টে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৬১৯ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম গতকাল কমেছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২৮ ডলার ৯১ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৯২০ ডলার ৯৪ সেন্টে স্থির হয়েছে। এছাড়া স্পট মার্কেটে গতকাল প্যালাডিয়ামের দামও ছিল নিম্নমুখী। দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য নেমেছে ৯০৩ ডলার ২৫ সেন্টে।

আরও