দৈনন্দিন বাজারসদাই আরো সহজ ও সাশ্রয়ী করতে ফুডপান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। চলতি মাসে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।
সম্প্রতি ফুডপান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় ফুডপান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।
অফারের আওতায় ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্টের শাখা থেকে ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। শাখাগুলো হলো মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট ও গুলশান ১।
ফুডপান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, ‘ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে তাদের পণ্যসম্ভার এবং ফুডপান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকরা আরো সহজে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।’
এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা বলেন, ‘শহরের মানুষের দৈনন্দিন কেনাকাটা আরো সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যেই ফ্রেশ সুপার মার্টের যাত্রা।’