চার্টার্ড লাইফের ১৩তম এজিএমে ৪% লভ্যাংশ অনুমোদন

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল আকতারের সভাপতিত্বে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে গতকাল হাইব্রিড মডেলে এ সভার আয়োজন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভার এজেন্ডা অনুযায়ী ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালকদের পূর্ণ নির্বাচনসহ সব এজেন্ডা অনুমোদন করা হয়। চার্টার্ড লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় পর্ষদ পরিচালক, শেয়ারহোল্ডার ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব জিএম রাশেদ।

সভাপতির বক্তব্যে পর্ষদ চেয়ারম্যান মো. নুরুল আকতার জীবন বীমাকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে বলেন, ‘বর্তমানে ইন্স্যুরেন্স পেনিট্রেশন (দেশের মোট জিডিপির তুলনায় বীমা প্রিমিয়াম প্রদানের হার) খুবই কম। সুতরাং পেনিট্রেশন বাড়িয়ে এটি জিডিপিতে বড় ধরনের অবদান রাখতে পারে।’ এছাড়া ২০৩০ সাল নাগাদ চার্টার্ড লাইফকে পূর্ণাঙ্গ ডিজিটাল ও শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমান পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

কোম্পানির ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, ‘চার্টার্ড লাইফ সর্বোচ্চ তিন থেকে পাঁচদিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করে। ২০২৫ সালে কোম্পানির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯ দশমিক শূন্য ৮ শতাংশ।’

তিনি আরো জানান, শতভাগ কমপ্লায়েন্স ও করপোরেট গভর্ন্যান্স বজায় রাখার জন্য চার্টার্ড লাইফ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডসহ ক্রেডিট রেটিংয়ে দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ অর্জন করেছে।

আরও