ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড চালু করার ঘোষণা দিয়েছে, যা গ্রোথ স্টকে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ মুনাফা প্রদানের লক্ষ্যে গঠন হয়েছে। ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
বেমেয়াদি এ গ্রোথ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে ফান্ডের আকার ভবিষ্যতে বাড়ানো হতে পারে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী, প্রবাসী বাংলাদেশী (এনআরবি) ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফান্ডটিতে সাবস্ক্রিপশন করতে পারবেন।
ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপকের ভূমিকা পালন করবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ট্রাস্টি হিসেবে ও ব্র্যাক ব্যাংক পিএলসি হেফাজতকারী হিসেবে কাজ করবে।
ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমরান হাসান বলেন, ‘আমাদের ফান্ড বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সম্পদ বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা উচ্চমানের গ্রোথ স্টকে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে অর্জিত হবে। আমরা বিশ্বাস করি, সততা ও বিনিয়োগকারীবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের প্রতিশ্রুতি সাফল্যের একটি শক্ত ভিত্তি প্রদান করবে। বর্তমান বাজার পরিস্থিতিকে আমরা একটি শক্তিশালী পোর্টফোলিও নির্মাণের সুযোগ হিসেবে দেখছি। তাছাড়া উদ্যোক্তা হিসেবে আমাদের নিজস্ব মূলধন বিনিয়োগের মাধ্যমে আমরা ফান্ডের প্রতি আমাদের আস্থা প্রমাণ করেছি।’