বছরের প্রথমার্ধ

বিশ্বব্যাপী পোরশের গাড়ি বিক্রি কমেছে

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্ববাজারে বিক্রিতে বড় ধরনের পতন দেখেছে জার্মান গাড়ি নির্মাতা পোরশে।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্ববাজারে বিক্রিতে বড় ধরনের পতন দেখেছে জার্মান গাড়ি নির্মাতা পোরশে। কোম্পানিটি জানিয়েছে, চীনে চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি ও তীব্র প্রতিযোগিতার প্রভাব পড়েছে গাড়ি বিক্রিতে। দেশটিতে পোরশের গাড়ি বিক্রি ২৮ শতাংশ কমেছে, যা বৈশ্বিক বিক্রিতে পতনের মূল কারণ। খবর রয়টার্স।

জানুয়ারি-জুন সময়ে পোরশে বিশ্বজুড়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৩৯১টি গাড়ি সরবরাহ করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কম। তবে এর বিপরীতে উত্তর আমেরিকায় বিক্রি বেড়েছে ১০ শতাংশ। অঞ্চলটি এখন পোরশের সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।

পোরশে জানিয়েছে, উত্তর আমেরিকায় গাড়ি বিক্রি বাড়ার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি কারণ হলো বাজারে পণ্যের পর্যাপ্ত জোগান, আমদানি শুল্ক বাড়ায় দাম স্থিতিশীল রাখার চেষ্টা ও প্রথমার্ধে গ্রাহকদের জন্য কিছু মূল্যছাড় সুবিধা।

চীনে বিক্রির পতনের ধারাবাহিকতায় বিলাসবহুল গাড়ি বাজারে চাপ স্পষ্ট হচ্ছে। এর আগে মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তাদের গাড়ি ও ভ্যান বিক্রি ৯ শতাংশ কমেছে, যার পেছনে আমদানি শুল্কের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে পোরশে জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে তাদের সরবরাহকৃত মোট গাড়ির ৩৬ শতাংশই ছিল বিদ্যুচ্চালিত বা ইলেকট্রিফায়েড মডেল, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

পরিবেশবান্ধব জ্বালানির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর নীতিমালা ও গ্রাহক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে পোরশে এ পদক্ষেপ নিয়েছে।

আরও