বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

ট্রেজারি বন্ড জামানত রেখে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ঋণ দেয়া যাবে

সরকারি বন্ড বা ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ নেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে কেউ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে তার বিপরীতে ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। পাশাপাশি এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং সংক্রান্ত বিআরপিডি সার্কুলার নং-১৫ (২৭ নভেম্বর ২০২৪) অনুযায়ী লিয়েনকৃত সরকারি বন্ডকে যোগ্য জামানত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদের ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানতে পেরেছে।

এ প্রেক্ষাপটে ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেয়ার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ট্রেজারি বন্ডের বিপরীতে ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেয়ার আগে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমে বন্ডটি লিয়েন মার্ক করতে হবে, বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেয়া যাবে, সুদসহ ঋণের মোট স্থিতি কোনোভাবেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না, ঋণের মেয়াদ বন্ডের মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না এবং বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ঋণ দেয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, একসময় ট্রেজারি বন্ডে শুধু ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে পারত। করছাড় ও ভালো মুনাফার কারণে এখন ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে। এর ফলে বন্ডের বিপরীতে তাদের ঋণ প্রাপ্তি সহজ হবে।

আরও