চলতি বছর

১০০ কোটি টনের নিচে নামবে চীনের ইস্পাত উৎপাদন

চীন চলতি ২০২৫ সালে ইস্পাত উৎপাদন ১০০ কোটি টনের নিচে নামিয়ে আনতে যাচ্ছে।

চীন চলতি ২০২৫ সালে ইস্পাত উৎপাদন ১০০ কোটি টনের নিচে নামিয়ে আনতে যাচ্ছে। দেশটি উৎপাদন হ্রাসের সরকারি অঙ্গীকার পূরণের পথে থাকলেও শিল্প খাতে জোগান-চাহিদার ভারসাম্যহীনতা রয়ে গেছে বলে জানিয়েছে চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (সিআইএসএ)। খবর হেলেনিক শিপিং নিউজ।

চীনের ইস্পাত উৎপাদন ২০২০ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর পর থেকে তা ক্রমান্বয়ে কমছে। যদিও ২০২৪ সালেও দেশটিতে ধাতব পণ্যটির মোট উৎপাদনের পরিমাণ ১০০ কোটি টনের ওপরে ছিল।

চীনের সরকারি পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরও ইস্পাত উৎপাদন কমানোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। দেশটিতে ধাতব পণ্যটির চাহিদাও কম। বিশেষত রিয়েল এস্টেট খাতে মন্দার কারণে ইস্পাতের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে।

সিআইএসএর ভাইস চেয়ারম্যান জিয়াং ওয়েই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চলতি বছর ইস্পাতের চাহিদা টানা পঞ্চম বছরের মতো কমেছে।’

সিআইএসএর দেয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) চীনে ইস্পাত ব্যবহার কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। একই সময় দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ২ দশমিক ৯ শতাংশ।

চীন ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। এ লক্ষ্য পূরণে দেশটির ইস্পাত শিল্পে প্রায় ২০ লাখ কোটি ইউয়ান বিনিয়োগ প্রয়োজন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও