ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সম্প্রতি কোরিয়া এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (কেইটিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে পরামর্শ সভা করেছে। এতে দেশে বিদ্যমান নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা প্রযুক্তি, জলবায়ু প্রশমন প্রকল্পে অর্থায়ন ব্যবস্থা, বাজার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইডকলের সিইও আলমগীর মোরসেদ বলেন, ‘কার্যকর উন্নয়ন অর্থায়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের নিম্ন-কার্বন রূপান্তর ত্বরান্বিত করতে জলবায়ুবান্ধব প্রযুক্তি উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারে ইডকল প্রতিশ্রুতিবদ্ধ।’
অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান (জাতিসংঘ) একেএম সোহেল বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘উন্নত প্রযুক্তি ও জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। কেইটিআইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগকে আরো শক্তিশালী করবে এবং টেকসই শিল্প উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।’
এ সময় কেইটিআই প্রতিনিধি দল জলবায়ুকেন্দ্রিক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে সহযোগিতা, জ্ঞান বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
সভায় ইডকলের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, ইপিসি কন্ট্রাক্টর, প্রকৌশলী ও খাতভিত্তিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।—বিজ্ঞপ্তি