ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু, সাতক্ষীরায় দাম কমেনি

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তার কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার খুচরা ও পাইকারি বাজারে।

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তার কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার খুচরা ও পাইকারি বাজারে। সরজমিনে বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল খুচরায় প্রতি কেজি চিকন মিনিকেট চালের দাম ছিল ৬৮-৭০ টাকা। এ সময় চিকন ব্রি-২৮ জাতের চাল কেজিপ্রতি ৬২ ও মোটাজাতের চাল ৫০-৫২ টাকা দরে বিক্রি হয়েছে। এক থেকে দেড় মাস একই দরে বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে চাল আমদানি হয় তার ৯০ শতাংশই চলে যায় জেলার বাইরে। তাছাড়া স্থানীয় বাজারে ভারতীয় চালের তেমন চাহিদাও নেই। ফলে স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও তার কোনো প্রভাব সাতক্ষীরার বাজারে পড়ছে না।’

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, প্রথম দফায় ২০২৫-২৬ অর্থবছরের গত অক্টোবরে ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। এরপর দুই মাস পর অর্থাৎ ৩০ নভেম্বর থেকে ফের বন্ধ হয়ে যায়। টানা ৫২ দিন বন্ধ থাকার পর গত ২১ জানুয়ারি পুনরায় চাল আমদানি শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১০ দিনে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ হাজার ৮১৩ টন চাল আমদানি হয়েছে। যার মূল্য ছিল ৫৯ কোটি ৪৭ লাখ টাকা।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘গত বছরের নভেম্বরে বন্ধ হয়ে যাওয়ার পর গত ২১ জানুয়ারি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। আরো কিছুদিন গেলে চালের দাম বাজারে কমে আসতে পারে।’

আরও