ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের প্রবেশ ও খালি ট্রাকের ফেরত-সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে সংস্থাটি আমদানি-রফতানির শুল্কায়নকাজে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি নতুন সাব-মডিউল চালু করেছে। এনবিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ভারতীয় পণ্যবাহী প্রতিটি ট্রাকের বাংলাদেশে প্রবেশ ও খালি ট্রাকের ফেরতসংক্রান্ত তথ্য এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। প্রাথমিকভাবে বেনাপোল কাস্টম হাউজে এ সাব-মডিউলটির পাইলট কার্যক্রম ১৫ ডিসেম্বর শুরু হয়েছে। এর আগে এ ধরনের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।
নতুন মডিউল চালুর ফলে ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমনের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি অবস্থানকাল নির্ণয়, রিয়েল-টাইম মনিটরিং ও তাৎক্ষণিক প্রতিবেদন সহজ হবে।