অর্থনৈতিক সংকটের সময় নিরাপদ বিনিয়োগ মাধ্যম স্বর্ণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতি, মন্দার আশঙ্কাসহ নানা অনিশ্চয়তায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মাঝে বর্তমানে মহামূল্যবান ধাতুটির কদর বাড়তি। আর ঐতিহ্যগতভাবেই লাতিন আমেরিকা ধাতুটিতে সমৃদ্ধ। বাজার পরার্শক প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের সমন্বয় করা তথ্যে দেখা গেছে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে স্বর্ণের সবচেয়ে বেশি মজুদ রয়েছে ভেনিজুয়েলায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে, বর্তমান মজুদের পরিমাণ ১৬১ টন। অঞ্চলটির সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলক দেশ মেক্সিকোর চেয়ে অন্তত ২৫ শতাংশ বেশি মজুদ রয়েছে ভেনিজুয়েলায়। ২০২২ সালের সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, মেক্সিকোয় স্বর্ণের মজুদ রয়েছে ১২০ টন। মজুদের দিক থেকে অঞ্চলটির দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল। দেশটিতে ১৩০ টন স্বর্ণের মজুদ রয়েছে। ৬১ দশমিক ৭ টন নিয়ে চতুর্থ অবস্থানে আছে আর্জেন্টিনা। এছাড়া বলিভিয়ায় ৪২ দশমিক ৫, পেরুতে ৩৪ দশমিক ৭, একুয়েডরে ৩৩ দশমিক ৮, প্যারাগুয়েতে ৮ দশমিক ২, গুয়াতেমালায় ৬ দশমিক ৯ এবং কলম্বিয়ায় ৪ দশমিক ৭ টন স্বর্ণের মজুদ রয়েছে। ২০২১ সালে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলন করেছে মেক্সিকো। উত্তোলনের পরিমাণ ছিল ১০০ টন। উত্তোলনের দিক থেকে এর পরই ছিল পেরু। ওই বছর দেশটি উত্তোলন করেছে ৯০ টন। বিশ্বের শীর্ষ উত্তোলক দেশগুলোর মধ্যেও জায়গা করে নিয়েছে দেশ দুটি।