নির্ধারিত রেকর্ড ডেটের আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেটের কারণে আগামী বুধবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বাংলাদেশ: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪১০০ শতাংশ অন্তর্বর্তী ও ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৯ মে বেলা ১১টায় কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয়সহ শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সায়।
লাফার্জহোলসিম বাংলাদেশ: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১৯ শতাংশ চূড়ান্ত নগদ ও ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ৮ মে বেলা ৩টায় কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৩৮২ কোটি টাকা, আগের হিসাব বছরে মুনাফা ছিল ৫৯৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়।