উত্তর আমেরিকায় আরো ২৫০টি ক্যাফে বা আউটলেট বন্ধের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক কফি শপ চেইন স্টারবাকস। বিক্রি বাড়াতে ও ব্যবসায়িক মন্দা কাটাতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান নিকোলের নেয়া পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বন্ধ হতে যাওয়া শাখাগুলো উত্তর আমেরিকার মোট ১৮ হাজার আউটলেটের প্রায় ১ শতাংশ। ২০২৬ অর্থবছরের মধ্যে এ প্রক্রিয়ায় তাদের প্রায় ৩০ কোটি ডলার ব্যয় হতে পারে।
এর আগে গত বছরও সিয়াটলের বিখ্যাত রোস্টারিসহ বেশকিছু শাখা বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি। গ্রাহক ফেরাতে ও পরিচালনা ব্যয় কমাতে সম্প্রতি মেনু সহজ করা, দ্রুত সেবা দেয়া এবং করপোরেট কর্মী ছাঁটাইয়ের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্টারবাকস। খবর রয়টার্স