কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পেছনে বিশ্বজুড়ে বিনিয়োগ বাড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২৬ সাল নাগাদ বিশ্বজুড়ে এআই খাতে মোট বিনিয়োগ ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এর মধ্যে চিপ টেকনোলজি হাব হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৮ হাজার ১০০ কোটি ডলারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগে কেবল যুক্তরাষ্ট্রের বড় বড় হাইপারস্কেলার বা শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ খরচের হিসাবে ধরা হতো। এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের বেসরকারি ও উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগ অনেক ক্ষেত্রে বাদ পড়ে যেত। এখন সব তথ্য সমন্বয় করে নতুন পূর্ণাঙ্গ হিসাব তৈরি করেছে গোল্ডম্যান স্যাকসের গ্লোবাল ইকোনমিকস টিম।
গবেষণার পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সাল থেকে শুরু হওয়া এআই বিপ্লবে চলতি বছরের শেষ নাগাদ পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।
সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জোসেফ ব্রিগসের মতে, যুক্তরাষ্ট্রের জিডিপিতে এআই বিনিয়োগের অবদান দ্রুত বাড়ছে। ২০২৬ সালে মার্কিন জিডিপির ১ দশমিক ৮ শতাংশ এআই খাতে ব্যয় হলেও ২০২৮ সালের মধ্যে তা বেড়ে ২ দশমিক ৮ শতাংশে পৌঁছবে। বৈশ্বিক জিডিপির ক্ষেত্রেও এ হার বেড়ে দাঁড়াবে ১ দশমিক ৪ শতাংশে।
তাইওয়ানের সেমিকন্ডাক্টর যন্ত্রপাতির আমদানি, মেমোরি চিপের দাম ও গ্র্যাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) চাহিদার সূচক বিশ্লেষণ করে দেখা গেছে, নিকট ভবিষ্যতে এআই খাতের বিনিয়োগে কোনো মন্দা আসার সম্ভাবনা নেই। বরং আগামীতে বিশ্বজুড়ে এআই খাতে প্রযুক্তির বড় অর্থনৈতিক দৌড় আরো গতিশীল হবে।