আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নে একসঙ্গে কাজ করবে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাশাপাশি চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুর-১০-এ আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের রোগনির্ণয় ও পরামর্শ কেন্দ্রে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স লিমিটেড দেশের স্বাস্থ্যসেবা খাতে কাজ করছে।

কর্মশালায় কেএনএস কানাডা (বিডি)-এর পরিচালক ডা. তাসরিনা রহমান ‘ফাইব্রোস্ক্যান: দ্য প্ল্যাটফর্ম ফর দ্য ডায়াগনোসিস অব দ্য কনসিকোয়েন্সেস অব ক্রনিক লিভার ডিজিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, দীর্ঘস্থায়ী লিভার রোগের জটিলতা নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া আধুনিক এ রোগনির্ণয় প্রযুক্তি কীভাবে লিভারের অবস্থা মূল্যায়নে সহায়তা করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

কর্মশালায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের প্রধান ব্যবসা কর্মকর্তা আবু জাফর ইকবাল আহমেদ এবং প্রতিষ্ঠানটির পরামর্শক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের মাধ্যমে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি) চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতেও চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা বাড়ানো এবং উদ্ভাবনী রোগনির্ণয় প্রযুক্তির ব্যবহার প্রসারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

—বিজ্ঞপ্তি

আরও