জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে টেসলার বিক্রি কমেছে ২ শতাংশ

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি বিক্রি করেছে টেসলা।

যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা কমেছে। এর প্রভাব পড়েছে টেসলার বিক্রিতে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কমেছে। তবে এ সময় বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি গাড়ি সরবরাহ করেছে টেসলা। খবর এফটি।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি বিক্রি করেছে টেসলা। বিশ্লেষকরা এর আগে ৪ লাখ ৬১ হাজার ৯৭৪টি গাড়ি সরবরাহের পূর্বাভাস দিয়েছিলেন। এদিকে গত বছরের একই সময়ে টেসলার গাড়ি বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৯৭ হাজার ৯৯টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে ২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার বিক্রির ওপর চাপ বাড়ছে। এর একটি কারণ হিসেবে গাড়ি কেনার ক্ষেত্রে ৭ হাজার ৫০০ ডলারের কর সুবিধা বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সুবিধা বাতিল করেছেন।

যুক্তরাষ্ট্রে টেসলার গাড়ি বিক্রি গত বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড পর্যায়ে উঠেছিল। তখন কর সুবিধা শেষ হওয়ার আগে অনেক মার্কিন ক্রেতা দ্রুত ইভি কিনেছিলেন। এবার সে তুলনায় চাহিদা কমেছে। টেসলা অঞ্চলভিত্তিক গাড়ি সরবরাহের তথ্য প্রকাশ করে না। তবে গবেষণা প্রতিষ্ঠান কক্স অটোমোটিভের হিসাব অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে টেসলার গাড়ি বিক্রি ৩১ শতাংশ কমে ১ লাখ ২৩ হাজার ৮৮০ ইউনিটে নেমে আসতে পারে।

শুধু টেসলা নয়, যুক্তরাষ্ট্রের অন্য গাড়ি নির্মাতাদের বিক্রিতেও পতন দেখা গেছে সম্প্রতি। গত প্রান্তিকে ফোর্ডের যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কমে ৫ লাখ ৯ হাজার ৭৬৪ ইউনিট হয়েছে।

জেনারেল মোটরসের (জিএম) বিক্রিও ৬ শতাংশ কমেছে। এ সময় যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭০ হাজার ৯৭৪টি গাড়ি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। জিএমের পক্ষ থেকে এর কারণ হিসেবে ‘অনেক ছোট হয়ে আসা ইভির বাজারের’ কথা বলা হয়েছে।

তবে ইউরোপের বাজারে টেসলার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জ্বালানির দাম বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে ইভির চাহিদা বেড়েছে। একই সঙ্গে গত বছর টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তৈরি হওয়া বিরূপ প্রতিক্রিয়াও কমেছে। ফলে ইউরোপে টেসলার বিক্রি ফের বাড়ছে।

ইউরোপীয় গাড়ি শিল্পের সংগঠন এসিএ জানায়, ২০২৬ সালের প্রথম আট মাসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে টেসলার নতুন গাড়ির নিবন্ধন ৪৩ শতাংশ বেড়ে ১ লাখ ৯১ হাজার ৭৮৭টিতে দাঁড়িয়েছে। তবে ইউরোপের বাজারেও টেসলার সামনে প্রতিযোগিতা বাড়ছে। চীনের বিওয়াইডিসহ অন্যান্য চীনা গাড়ি নির্মাতা দ্রুত যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) সফটওয়্যার ব্যবহারের অনুমোদন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বর করেছে। তবে কিছু সদস্য দেশে সফটওয়্যারটি ব্যবহারের অনুমতি রয়েছে।

নামের মধ্যে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ থাকলেও টেসলার এ প্রযুক্তি এখনো পুরোপুরি চালকবিহীন নয়। গাড়ির চালকের আসনে একজন মানুষকে বসে থাকতে হয় ও পুরো সময় নজর রাখতে হয়।

টেসলার প্রধান নির্বাহী ইলোন এর আগে বলেন, ‘এফএসডি শিগগিরই পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর অনুমোদন পাবে। তবে এখন পর্যন্ত কোনো দেশেই এর পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবহারের অনুমোদন পাওয়া যায়নি।’

টেসলা আরো জানায়, কোম্পানিটি নতুন করে তিন হাজার কোটি ডলারের ঋণসুবিধা পেয়েছে। প্রতিষ্ঠানটি ইভি তৈরির পাশাপাশি স্বয়ংক্রিয় গাড়ি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বেশি গুরুত্ব দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে জানুয়ারিতে টেসলা প্রিমিয়াম এস ও এক্স মডেলের উৎপাদন বন্ধ করে। এরপর প্রতিষ্ঠানটি সাইবারক্যাব নামের স্বয়ংক্রিয় ট্যাক্সি এবং মানবসদৃশ রোবট অপটিমাস তৈরিতে বেশি মনোযোগ দেয়। দুটি পরীক্ষামূলক পণ্যেরই উৎপাদন শুরু হয়েছে। তবে এখনো এগুলো থেকে বিক্রির মাধ্যমে কোনো আয়ের তথ্য জানায়নি টেসলা।

আরও