২০২৪ সাল

ইউরোপের তুলনায় ছয় গুণ বেড়েছে রুশ অর্থনীতি

২০২৪ সালে রাশিয়ার অর্থনীতির আকার পৌঁছেছে ২০০ ট্রিলিয়ন রুবল বা ২ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারে।

২০২৪ সালে রাশিয়ার অর্থনীতির আকার পৌঁছেছে ২০০ ট্রিলিয়ন রুবল বা ২ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারে। এ সময় রুশ অর্থনীতির গড় প্রবৃদ্ধি ইইউ অঞ্চলের ছয় গুণ বেশি ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। খবর আনাদোলু।

গত বছর রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ। এর বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের গড় জিডিপির হার ছিল দশমিক ১ শতাংশ।

পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় সম্প্রতি মিখাইল মিশুস্তিন জানান, রুশ অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো দেশীয় চাহিদা। গত বছর দেশটিতে স্থায়ী মূলধন বিনিয়োগ ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

মিশুস্তিন আরো জানান, ২০২৪ সালে রাশিয়ায় কর-পরবর্তী আয় (ডিসপোজিবল ইনকাম) বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ, আর বেকারত্বের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

গত দুই বছরে বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কথা উল্লেখ করে রুশ প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে রাশিয়া এখন বিশ্বের চারটি বৃহত্তম অর্থনীতির একটি। গত বছর আমাদের অর্থনীতি ৪ দশমিক ১ শতাংশ সম্প্রসারণ হয়েছে। দুই বছরে আমাদের প্রবৃদ্ধি ইউরোপের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে একাধিকবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। ফলে বাণিজ্যে বিধিনিষেধ ও বিদেশে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অবরুদ্ধ হয়। এছাড়া শত শত কোম্পানি রাশিয়া ছেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগে খরা দেখা দিয়েছে। তবে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থায় অনেকটাই সামলে নিয়েছে মস্কো।

আরও