বিকল্প বিনিয়োগে ঝুঁকছে ফ্যামিলি অফিসগুলো

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও প্রাইভেট ইকুইটি থেকে রিটার্ন পেতে সময় বেশি লাগায় বর্তমানে ধনীদের ফ্যামিলি অফিসগুলো প্রাইভেট ক্রেডিট (ব্যাংক-বর্হিভূত ঋণ যা আর্থিক বাজারে বিনিময়যোগ্য নয়) ও অবকাঠামো খাতে বেশি আগ্রহ দেখাচ্ছে।

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও প্রাইভেট ইকুইটি থেকে রিটার্ন পেতে সময় বেশি লাগায় বর্তমানে ধনীদের ফ্যামিলি অফিসগুলো প্রাইভেট ক্রেডিট (ব্যাংক-বর্হিভূত ঋণ যা আর্থিক বাজারে বিনিময়যোগ্য নয়) ও অবকাঠামো খাতে বেশি আগ্রহ দেখাচ্ছে। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরকের জরিপে বলা হয়েছে, মূলত বিকল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে তারা পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। খবর সিএনবিসি।

বিশ্বের অতিধনী পরিবারের সম্পদ পরিচালনাকারী ফ্যামিলি অফিসগুলো কয়েক মাসে গড়ে তাদের পোর্টফোলিওর ৪২ শতাংশ বিকল্প খাতে বিনিয়োগ করেছে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এসব খাতের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ক্রেডিট ও অবকাঠামো।

ব্ল্যাকরকের জরিপটি ১৭ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চালানো হয়। এতে অংশ নেয় ১৭৫টি ফ্যামিলি অফিস, যারা যৌথভাবে ৩২ হাজার কোটি ডলারের বেশি সম্পদ পরিচালনা করছে। জরিপ অনুযায়ী, চলতি বছর ৩২ শতাংশ ফ্যামিলি অফিস প্রাইভেট ক্রেডিট খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে। দ্বিতীয় সর্বাধিক পছন্দের খাত হচ্ছে অবকাঠামো, যেখানে ৩০ শতাংশ অফিস ঋণ বা ইকুইটির মাধ্যমে আরো বিনিয়োগের কথা জানিয়েছে। প্রাইভেট ইক্যুইটি এখনো গুরুত্বপূর্ণ একটি খাত হলেও এর প্রতি আগ্রহ কিছুটা কমেছে। জরিপে অংশ নেয়া ১২ শতাংশ বিনিয়োগকারী জানিয়েছেন, তারা এ খাতে বিনিয়োগ কমাতে চান। তবে ৩০ শতাংশ এখনো আশাবাদী, যদিও ২২ শতাংশ এর ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছে।

ব্ল্যাকরকের আমেরিকা অঞ্চলের ইনস্টিটিউশনাল ব্যবসার প্রধান আর্মান্দো সেনরা বলেন, ‘‌প্রাইভেট ইকুইটি এখনো অনেক বিনিয়োগকারীর পোর্টফোলিওর মূল অংশ হলেও তারা এখন ঝুঁকি কমাতে বিকল্প খাতেও খোঁজখবর রাখছেন। প্রাইভেট মার্কেটে বৈচিত্র্য আনার প্রবণতা বর্তমানে স্পষ্ট হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘‌প্রাইভেট ইকুইটি থেকে রিটার্ন তুলতে সময় বেশি লাগায় বিনিয়োগকারীদের মধ্যে তারল্যপূর্ণ সম্পদের চাহিদা বেড়েছে। এ কারণেই তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ ও স্থিতিশীল রিটার্নের জন্য অবকাঠামো খাতে ঝুঁকছেন অনেকে।’

জরিপে অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশই অবকাঠামো খাত নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। মাত্র ৫ শতাংশ এতে হতাশা প্রকাশ করেছেন। সেনরা বলেন, ‘‌কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে অবকাঠামো খাতের গুরুত্ব আরো বেড়েছে। ডাটা সেন্টার ও বিদ্যুৎ গ্রিডের মতো সেবার চাহিদা বাড়ায় এ খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।’

উল্লেখ্য, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফ্যামিলি অফিস মে মাসে ‘অ্যাটলাস ডাটা স্টোরেজ’ নামক একটি প্রতিষ্ঠানে ১৫ কোটি ৫০ লাখ ডলারের প্রারম্ভিক তহবিলে বিনিয়োগ করেছে।

অন্যদিকে প্রাইভেট ক্রেডিট খাত নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ৫১ শতাংশ বিনিয়োগকারী খাতটির বিষয়ে আশাবাদী হলেও ২১ শতাংশ এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অনেক বিনিয়োগকারী মনে করছেন, অতিরিক্ত চাহিদার কারণে প্রাইভেট ক্রেডিটে বর্তমানে এমন কিছু কোম্পানিও ঋণ পাচ্ছে যাদের আর্থিক ভিত্তি দুর্বল।

সেনরা বলেন, ‘‌কোনো খাত হঠাৎ খুব জনপ্রিয় হয়ে উঠলে তা সতর্কভাবে বিশ্লেষণ করাটাই স্বাভাবিক। বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো বাজারভেদে অভিজ্ঞতা আছে, এমন বিনিয়োগ ব্যবস্থাপকদের নির্বাচন করা।’

তবে প্রাইভেট ক্রেডিটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্পেশাল সিচুয়েশন ডেট’, যা মূলত আর্থিকভাবে চাপে থাকা বা পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া কোম্পানিকে দেয়া হয়। জরিপে অংশ নেয়া ৬২ শতাংশ বিনিয়োগকারী এ খাতকে তাদের পছন্দের তালিকায় রেখেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ডিরেক্ট লেন্ডিং’, যেখানে বিনিয়োগকারী কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি কোনো কোম্পানিকে ঋণ দেয়া হয়।

ব্ল্যাকরকের মতে, সঠিকভাবে বিনিয়োগ করা গেলে প্রাইভেট ইকুইটির তুলনায় বেশি নিরাপত্তা দিতে পারে প্রাইভেট ক্রেডিট। বর্তমানে ধনী পরিবারের ফ্যামিলি অফিসগুলো দ্রুত রিটার্নের চেয়ে স্থিতিশীলতা, ঝুঁকি নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

আরও