২০২৫ সাল

মেয়াদি মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য কমেছে প্রায় ৫০০ কোটি টাকা

সদ্য বিদায়ী ২০২৫ সাল দেশের পুঁজিবাজারে মেয়াদি মিউচুয়াল ফান্ড খাতের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।

সদ্য বিদায়ী ২০২৫ সাল দেশের পুঁজিবাজারে মেয়াদি মিউচুয়াল ফান্ড খাতের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। বছর শেষে তালিকাভুক্ত ফান্ডগুলোর মোট সম্পদমূল্য কমেছে প্রায় ৫০০ কোটি টাকা। ব্র্যাক ইপিএলের বার্ষিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০২৫ সাল শেষে মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪১০ কোটি টাকায়, ২০২৪ সাল শেষে যা ছিল ৪ হাজার ৮৮০ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে সম্পদমূল্য কমেছে ৪৭০ কোটি টাকা।

সম্প্রতি মিউচুয়াল ফান্ড খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তর এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান ও এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডকে অবসায়ন করা হবে। নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালায় বলা হয়েছে, ভবিষ্যতে কোনো নতুন মেয়াদি ফান্ড গঠন করা যাবে না, কোনো ফান্ডের মেয়াদ বাড়ানো যাবে না এবং মেয়াদি ফান্ডের মূল্য যদি ইস্যু মূল্যে বা নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশ কমে যায়, তাহলে ফান্ডটি বেমেয়াদিতে রূপান্তর করা হবে।

২০২৫ সালে সবচেয়ে বেশি ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিট সম্পদমূল্য ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বাকি সব ফান্ড ব্যবস্থাপকদের নিট সম্পদমূল্য কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১৭ দশমিক ৩ শতাংশ। এছাড়া সিএপিএম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৭, এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৬ দশমিক ৩, এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৪ দশমিক ৬, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৩ দশমিক ৩, এশিয়ার টাইগার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১ দশমিক ৯, এসইএমএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১ দশমিক ৫ ও আইসিবি এএমসিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১ দশমিক ২ শতাংশ নিট সম্পদমূল্য কমেছে।

গত বছর রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ফান্ডগুলো সবচেয়ে বেশি ৬২ দশমিক ৫ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়েছে। এছাড়া এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ফান্ড ৫৬ দশমিক ৫, এসইএমএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৩৮ দশমিক ৩, আইসিবি এএমসিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৩৬ দশমিক ২, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৩১ দশমিক ৭, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ২৭ দশমিক ৪, এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১৫ দশমিক ২, এশিয়ান টাইগার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৮ দশমিক ২ ও সিএপিএম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ফান্ডগুলো ঋণাত্মক ১০ দশমিক ১ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়েছে।

২০২৫ সালে ইতিবাচক রিটার্নের দিক থেকে শীর্ষে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার রিটার্ন ৭৪ দশমিক ৪ শতাংশ। এছাড়া সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৭০ দশমিক ৭, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৩১ দশমিক ৫, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩১ দশমিক ৩, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৭ দশমিক ২, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ১৪ দশমিক ৩ ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ২ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন হয়েছে। অন্যদিকে গত বছর নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার রিটার্ন ৯ দশমিক ৩ শতাংশ। এছাড়া আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডে ৮ দশমিক ৭ ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডে ৮ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন হয়েছে।

২০২৫ সালে সবচেয়ে বেশি ১১ দশমিক ৪ শতাংশ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের নিট সম্পদমূল্য বেড়েছে। এছাড়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৩ ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১ শতাংশ নিট সম্পদমূল্য বেড়েছে। অন্যদিকে গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ড ও এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১ দশমিক ৯ শতাংশ করে নিট সম্পদমূল্য কমেছে। এছাড়া আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ১ ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দশমিক ৫ শতাংশ নিট সম্পদমূল্য কমেছে।

আরও