জুলাই-সেপ্টেম্বর

২৮০০ কোটি ডলার মুনাফা আরামকোর

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২ হাজার ৮০০ কোটি ডলারের নিট মুনাফা অর্জন করেছে সৌদি আরবের জ্বালানি তেল কোম্পানি আরামকো।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২ হাজার ৮০০ কোটি ডলারের নিট মুনাফা অর্জন করেছে সৌদি আরবের জ্বালানি তেল কোম্পানি আরামকো। গত বছরের একই সময় প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ২ হাজার ৭৭০ কোটি ডলার। শক্তিশালী উত্তোলন কার্যক্রম ও চলমান বড় প্রকল্পের অগ্রগতি গত প্রান্তিকে কোম্পানির আয় বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছে আরামকো। খবর আরব নিউজ।

কোম্পানির জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নগদপ্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ কোটি ডলারে, যা গত বছর ছিল ৩ হাজার ৫২০ কোটি ডলার। একই সময় ফ্রি ক্যাশ ফ্লো বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ কোটি ডলার, আগের বছর যা ছিল ২ হাজার ২০০ কোটি ডলার। সেপ্টেম্বরের শেষে কোম্পানিটির ঋণের অনুপাত দাঁড়ায় ৬ দশমিক ৩ শতাংশে।

আরামকোর পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের জন্য ২ হাজার ১১০ কোটি ডলারের মূল লভ্যাংশ ও ২০ কোটি ডলারের পারফরম্যান্স-ভিত্তিক লভ্যাংশ ঘোষণা করেছে, যা চলমান অক্টোবর-ডিসেম্বরে পরিশোধ করা হবে।

কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ নাসেরের মতে, পরিবর্তিত বাজার পরিস্থিতিতে মানিয়ে নেয়ার সক্ষমতা আবারো প্রমাণ করেছে আরামকো। তিনি বলেন, ‘আমরা খুব কম অতিরিক্ত ব্যয়ে উত্তোলন বাড়াতে পেরেছি এবং গ্রাহকদের নির্ভরযোগ্যভাবে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করেছি।’

আরামকো জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের অংশ। কোম্পানিটি সম্প্রতি ১ হাজার ১১০ কোটি ডলারের জাফুরা গ্যাস চুক্তি সম্পন্ন করেছে এবং চীনের সিনোপেকের সঙ্গে একটি নতুন যৌথ পরিশোধনাগার ও পেট্রোকেমিক্যাল কোম্পানি গঠন করেছে।

আরও