গ্রাহক সুরক্ষায় বৈশ্বিক স্বীকৃতি পেল ব্র্যাক ক্ষুদ্র ঋণ কর্মসূচি

দেশে মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ কর্মসূচির গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ‘ক্লায়েন্ট প্রটেকশন সার্টিফিকেট (সিপিসি) গোল্ড’ অর্জন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

দেশে মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ কর্মসূচির গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ‘ক্লায়েন্ট প্রটেকশন সার্টিফিকেট (সিপিসি) গোল্ড’ অর্জন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। আন্তর্জাতিক সংস্থা মাইক্রোফাইনানজা রেটিং (এমএফআর) সম্প্রতি ব্র্যাকের ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে এ স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।

অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত আটটি আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে সিপিসি গোল্ড সার্টিফিকেশন দেয়া হয়। এর মধ্যে রয়েছে কার্যকর যোগাযোগ, ন্যায্য মূল্য নির্ধারণ, গ্রাহক তথ্যের গোপনীয়তা রক্ষা, দায়বদ্ধ ঋণ ব্যবস্থাপনা ও অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া। এসব মানদণ্ডে ৯৫ শতাংশের বেশি নম্বর অর্জন করায় ব্র্যাক গোল্ড সার্টিফিকেশন পেয়েছে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র ঋণ খাত দেশের অর্থনীতির ৮৫ শতাংশ চাহিদা পূরণ করছে। তবু এ খাতের প্রতিষ্ঠানগুলো অনেক সময় অবমূল্যায়িত হয়। ব্র্যাকের এ স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো খাতের জন্য গৌরবের।’

স্বাগত বক্তব্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক অরিঞ্জয় ধর বলেন, ‘বিশ্বে এ বছর মাত্র আটটি প্রতিষ্ঠান এ স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ থেকে পেয়েছে শুধু ব্র্যাক।’

আরও