গত সপ্তাহে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার মূল্যে বড় ধরনের অবমূল্যায়নে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটিতে বিনিয়োগকারী বিদেশীরা। এরপর লিরার মান স্থিতিশীল করতে রিজার্ভের বড় অংশ ব্যয় করেছে তুরস্ক। কিন্তু এতে পরিস্থিতি উন্নতি হয়নি, উল্টো শঙ্কা কাটছে না বিনিয়োগকারীদের। খবর এফটি।
গত বছর তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তলানিতে গিয়ে ঠেকে। সেখান থেকে রিজার্ভ ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত করেছিল। কিন্তু সাম্প্রতিক লিরার অবমূল্যায়নে আবার হাত পড়েছে রিজার্ভে।
এক পর্যায়ে ১ ডলারের বিনিময়ে ৪০ লিরা পাওয়া যাচ্ছিল। এ অবস্থায় বাজার আস্থা ফেরাতে কয়েক সপ্তাহের মধ্যেই রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলার খরচ করে ফেলে তুরস্ক। বাজারে নগদ অর্থ সরবরাহের এ তথ্য দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফাতিহ কারাহান। সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
সংবাদমাধ্যম বলছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে আটকের পর থেকেই তুরস্কের অর্থনীতির ভঙ্গুর চিত্র প্রকাশ্যে আসে। ইমামোগলুর আটকের পর থেকে উত্তপ্ত রয়েছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। দেশজুড়ে বিক্ষোভ ও এর জেরে শত শত মানুষকে গ্রেফতারের ঘটনা ঘটেছে।
গতকাল পর্যন্ত ১ ডলারের বিনিময় পাওয়া যাচ্ছিল ৩৮ লিরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশী বিনিয়োগকারীরা এরই মধ্যে তুরস্ক থেকে প্রায় ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলারের বিনিয়োগ তুলে নিয়েছে।
বিদেশী পুঁজি কমে যাওয়ার আশঙ্কার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফাতিহ কারাহান ও অর্থমন্ত্রী মেহমেত সিমসেক অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন।
২০২৩ সালের নির্বাচনের পর ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ঠেকাতে তুরস্কের অর্থনীতিতে বড় পরিবর্তন আনেন এ দুই ব্যক্তি। তা সত্ত্বেও বিদেশী বিনিয়োগকারীদের আশঙ্কা এখনো কাটেনি। কারণ অনেকেরই ধারণা, রাজনৈতিক কারণে এরদোগান শেষ পর্যন্ত তাদের পদ থেকে সরিয়ে দিতে পারেন। আর বর্তমান সংকটটি ডলার ঘিরে হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক হয়তো শেষ পর্যন্ত এটা ঠেকাতে পারবে না।
বিনিয়োগ প্রতিষ্ঠান ফেডারেটেড হার্মিসের পোর্টফোলিও ম্যানেজার মোহাম্মদ এলমি বলেছেন, ‘বিদেশী বিনিয়োগ কমে যাওয়ার ফলে রিজার্ভে যে ধাক্কা লেগেছে, তা হয়তো সামলানো সম্ভব। তবে লিরার বিপরীতে ডলার শক্তিশালী হওয়ায় যে সংকট শুরু হয়েছে, তা এক সপ্তাহের বেশি স্থায়ী হলে তুর্কি নীতিনির্ধারকদের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে।’
এদিকে চলমান অর্থনৈতিক সংকটের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। সঙ্গে এও বলেন, ‘আমি কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপকে সমর্থন করি। আমাদের কষ্টার্জিত অর্থনৈতিক স্থিতিশীলতাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেব না।’
গত দেড় বছরে তুরস্কের রিজার্ভ পুনরুদ্ধারে সিমসেক ও কারাহানের নীতির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। গত মঙ্গলবার বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, লিরার স্থিতিশীলতার জন্য যা করা দরকার তারা তা-ই করবেন।
তুরস্কের রিজার্ভ পুনর্গঠনে সিমশেক ও কারাহানের নীতির ‘অসাধারণ সাফল্য’ বলে উল্লেখ করেন আর্থিক সংস্থা ভন্টোবেল ফান্ড ম্যানেজারের উদীয়মান বাজার বিভাগের ঋণ ব্যবস্থাপক কার্লোস ডি সোসা। তিনি জানান, এক বছরে সঞ্চিত রিজার্ভের বড় একটি অংশ গত এক সপ্তাহে ক্ষয় হয়েছে। এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্তের অর্থনৈতিক মূল্য।
মুদ্রার স্থিতিশীলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো ক্যারি ট্রেড। যেখানে ইয়েন বা ডলারের মতো কম সুদহার বিশিষ্ট মুদ্রা থেকে ঋণ নিয়ে উচ্চ সুদহারের সম্পদে বিনিয়োগ করা হয়। জেপি মরগান হিসাব অনুসারে, এ ধরনের বিনিয়োগের আকার প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার। তুর্কি কর্তৃপক্ষ অর্থনৈতিক পুনরুদ্ধারে এ বিনিয়োগকে উৎসাহিত করেছে, কারণ এতে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। কিন্তু গত সপ্তাহে লিরা ঝুঁকির সীমা অতিক্রম করায় লিভারেজ ব্যবহার করে ট্রেডে অংশ নেয়া হেজ ফান্ডগুলো দ্রুত বাজার থেকে বেরিয়ে আসে, যা মুদ্রার পতনকে আরো বাড়িয়ে তোলে।