চীনে ভোক্তা পর্যায়ে মূল্যসংকোচন অব্যাহত

স্থানীয় পর্যায়ে ভোক্তা চাহিদার হ্রাস মোকাবেলা বেইজিংয়ের নীতিনির্ধারকদের জন্য ক্রমেই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

স্থানীয় পর্যায়ে ভোক্তা চাহিদার হ্রাস মোকাবেলা বেইজিংয়ের নীতিনির্ধারকদের জন্য ক্রমেই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মাঝে অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখার হাতিয়ার ভাবা হচ্ছে একে। খবর এফপি।

চীনের সরকারি তথ্য অনুসারে চীনের অর্থনীতি গত মাসে মূল্যসংকোচনের আবর্তে আটকে ছিল। দেশটিতে কারখানা গেটে পণ্যের মূল্য পরিমাপক প্রসেসর প্রাইস ইনডেক্স (পিপিআই) তিন বছর ধরে ঋণাত্মক। গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে পিপিআই কমেছে ২ দশমিক ৩ শতাংশ, অবশ্য আগস্টের ২ দশমিক ৯ শতাংশ পতনের তুলনায় সামান্য উন্নতি হয়েছে।

সেপ্টেম্বরে চীনে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) দশমিক ৩ শতাংশ কমেছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় সামান্য কম। এর আগে আগস্টে সিপিআই কমেছিল দশমিক ৪ শতাংশ। চলতি বছরে শুধু দুই মাস এ সূচক ধনাত্মক বা প্রবৃদ্ধির ধারায় ছিল।

এমন এক সময় এসব তথ্য প্রকাশ হয়েছে, যখন অব্যাহত নিম্নমুখী মূল্যচাপ দেশটির ভোক্তা চাহিদার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

কভিড-১৯ মহামারীর শেষ থেকে চীনা ভোক্তাদের ভোগপ্রবণতায় বেশ রক্ষণশীল মনোভাব দেখা যাচ্ছে। দেশটির অর্থনীতি জমজমাট রিয়েল এস্টেট খাতের পতনজনিত শ্লথ প্রবৃদ্ধি মোকাবেলা করে যাচ্ছে।

চলতি মাসের শুরুতে চীনের গোল্ডেন উইক ছুটির সময় বিপুল ভ্রমণকারী দেখা যায়। তবে এমন ইঙ্গিতও মিলছে, কেনাকাটার ক্ষেত্রে ভোক্তারা তুলনামূলকভাবে সস্তা বিকল্প বেছে নিচ্ছেন। যন্ত্রপাতি ও অন্যান্য পণ্যের জন্য ট্রেড-ইন প্রোগ্রাম চালু করেছে চীন সরকার। কিন্তু বাড়ির দামে পতন ভোক্তাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে।

মূল্যস্ফীতি সম্পর্কিত তথ্য চীনের বৃহৎ শিল্পখাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শি জিনপিং বাড়তি উৎপাদন ও মূল্য প্রতিযোগিতারোধে সম্প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কঠোর নীতিও গ্রহণ করেছেন।

ছয় মাস ধরে চীনে কারখানা কার্যক্রম সংকুচিত হচ্ছে, যা ছয় বছরের মধ্যে দীর্ঘতম পতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের চাপও স্পষ্ট করে দিচ্ছে।

আরও