সম্প্রতি তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদ শেষে ফান্ডটির অবসায়ন কিংবা বে-মেয়াদি ফান্ডে রূপান্তর ইস্যুতে ইউনিটহোল্ডারদের মতামত নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এরই ধারাবাহিকতায় ফান্ডের লভ্যাংশ, রিফান্ড কিংবা অন্য কোনো দেনা বা দাবি থাকলে সেটি আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পদ ব্যবস্থাপকের অফিসে জমা দিতে বলা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদ শেষে ফান্ডটির অবসায়ন কিংবা বে-মেয়াদি ফান্ডে রূপান্তর ইস্যুতে ইউনিটহোল্ডারদের মতামত নিতে আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় ইজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর। ফান্ডটির ট্রাস্টির সিদ্ধান্ত অনুযায়ী, রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অথবা ফান্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছে। ক্রয়মূল্যে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়। চলতি বছরের ৩০ জুন শেষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের নিট সম্পদের পরিমাণ ক্রয়মূল্যে ৫৫ কোটি ২২ হাজার টাকায় দাঁড়িয়েছে, বাজারমূল্যের ভিত্তিতে যার পরিমাণ ৪৬ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটি ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের পরিশোধিত মূলধন ৫০ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৭২ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ৫ কোটি ১ লাখ ৩১ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১৯ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক শূন্য ৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৯ দশমিক শূন্য ২ শতাংশ ইউনিট রয়েছে।