রিজেন্ট টেক্সটাইলের পরিচালকদের ১০০ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ বিধিবহির্ভূতভাবে নিজেদেরই সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।

৩০ দিনের মধ্যে বিনিয়োগের অর্থ ফেরত আনতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছিল বিএসইসি। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত আনতে না পারায় কোম্পানিটির পাঁচ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। সম্প্রতি সংস্থাটির এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশ অনুসারে, রিজেন্ট টেক্সটাইল মিলসের পরিচালক মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মাশরুফ হাবিব ও সালমান হাবিবের প্রত্যেককে ব্যক্তিগত দায় হিসেবে ২০ কোটি করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ২০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থতা হলে প্রতিদিনের জন্য সংশ্লিষ্ট প্রত্যেককে অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

কমিশন সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিএসইসি থেকে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে আইপিওর মাধ্যমে ১২৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়। ২০১১ সালের সংবিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানি শুধু নিজস্ব ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ব্যবহার করতে পারবে, কোনো অবস্থায়ই তা সিস্টার কনসার্ন, সহযোগী প্রতিষ্ঠান বা হোল্ডিং কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। তবে রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ শেয়ারহোল্ডার ও বিএসইসিকে তোয়াক্কা না করে আইপিওর অব্যবহৃত ৮০ কোটি ১১ লাখ টাকা (সুদসহ) তাদেরই আরেকটি প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার কিনতে ব্যয় করে। কোম্পানিটি লেগ্যাসি ফ্যাশনকে পৃথক কোম্পানি দাবি করলেও বিএসইসির তদন্তে দেখা যায়, চট্টগ্রাম নগরের ২২০ নম্বর স্ট্র্যান্ড রোডের একই ঠিকানায় দুটি কোম্পানি পরিচালিত হয়ে আসছে এবং উভয় কোম্পানির উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা একই পরিবারের সদস্য।

বিএসইসি জানায়, রিজেন্ট টেক্সটাইলের এ কর্মকাণ্ড বিএসইসির আইপিও শর্তাবলি, আন্তর্জাতিক হিসাবমান ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর চরম লঙ্ঘন। এর আগে গত বছরের ২৩ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল, যা বাস্তবায়নে ব্যর্থ হয় কোম্পানিটি। কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে কোম্পানিটির কর্মকর্তারা কভিড মহামারী ও গ্যাস সংযোগ বিলম্বে তাদের প্রকল্পের কার্যক্রম শুরু করতে দেরি হওয়ার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক রিজেন্ট গ্রুপের সব প্রতিষ্ঠানের বিআইএন আটকে দেয়ার কারণে রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে জানায়। তাছাড়া তালিকাভুক্ত কোম্পানিটি গ্রুপের অন্যান্য কোম্পানির সঙ্গে নিয়মিতভাবে লেনদেন করে এবং এসব বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে বলেও জানায়। তবে কমিশনের কাছে কোম্পানিটির এ জবাব গ্রহণযোগ্য মনে হয়নি। তাই পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় রিজেন্ট টেক্সটাইল মিলসের পাঁচ পরিচালককে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও