হুন্দাই মোটরের কাছে দুষ্প্রাপ্য খনিজের বড় ধরনের এক মজুদ রয়েছে, যা দিয়ে কোম্পানিটি প্রায় এক বছর পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে পারবে। ফলে চীনের রফতানি নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন ঘটলেও দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি স্বল্পমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না। বরং প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাজারে এগিয়ে থাকবে তারা। সম্প্রতি হুন্দাইয়ের বিনিয়োগকারী সম্মেলনে অংশ নেয়া এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চীন এপ্রিলে দুষ্প্রাপ্য খনিজ ও সংশ্লিষ্ট চুম্বকের বিস্তৃত রফতানিতে বিধিনিষেধ আরোপ করে। এতে বিশ্বজুড়ে গাড়ি নির্মাতা, মহাকাশযান প্রস্তুতকারক, সেমিকন্ডাক্টর কোম্পানি ও সামরিক সরঞ্জাম নির্মাতাদের সরবরাহ চেইনে বিঘ্ন তৈরি হয়।
সহযোগী কিয়া করপোরেশনের সঙ্গে মিলে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হুন্দাই। কোম্পানিটির কাছে দুষ্প্রাপ্য খনিজ মজুদ থাকার অর্থ হলো, এরই মধ্যে ফোর্ড ও বিএমডব্লিউর মতো গাড়ি কোম্পানির উৎপাদন বা সরবরাহ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলেও হুন্দাই অনেক বেশি সুরক্ষিত অবস্থানে রয়েছে।
সম্মেলনে হুন্দাইয়ের বিনিয়োগ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘দুষ্প্রাপ্য খনিজ নিয়ে চলমান সংকটে প্রতিযোগীদের তুলনায় ভালো অবস্থানে রয়েছে হুন্দাই। কোম্পানি সরবরাহ চেইনের বহুমুখীকরণ ও ক্রয় ব্যবস্থা উন্নত করতে সফল হয়েছে। এর ফলে অন্তত এক বছর কোনো বিঘ্ন ছাড়াই বিদ্যুচ্চালিত বা হাইব্রিড গাড়ি উৎপাদন চালিয়ে যেতে পারবে।
চীনের রফতানি নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল থাকাকালীন হুন্দাই দুষ্প্রাপ্য খনিজ উপাদানের মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে নিয়েছিল বলেও জানান ওই কর্মকর্তা।
দক্ষিণ কোরিয়ান এ গাড়ি নির্মাতার গুরুত্বপূর্ণ খনিজ মজুদের বিষয়টি এর আগে প্রকাশ্যে আসেনি। এ মজুদ পুরোপুরি হুন্দাই ও এর সহযোগী কিয়ার, নাকি এতে তাদের সরবরাহকারীদের মজুদও অন্তর্ভুক্ত, তা স্পষ্ট নয়।
রয়টার্সে দেয়া এক বিবৃতিতে হুন্দাই জানিয়েছে, তারা নির্দিষ্ট কোনো মজুদ বা ক্রয় কৌশল নিয়ে মন্তব্য করতে চায় না।
হুন্দাইয়ের বক্তব্য হলো, ‘আমরা ক্রমাগত বাজার পরিস্থিতি মূল্যায়ন করে থাকি, যাতে আমাদের কার্যক্রম স্থিতিশীল থাকে এবং বৈচিত্র্যপূর্ণ বৈশ্বিক সরবরাহ চেইন বজায় থাকে। আমাদের সাধারণ ব্যবসায়িক অনুশীলনের অংশ হিসেবে আমরা নিরবচ্ছিন্ন উৎপাদন চালু রাখতে উপযুক্ত মজুদ ধরে রাখি।’
বিশ্বের প্রায় ৯০ শতাংশ দুষ্প্রাপ্য খনিজের উৎস চীন, যা যানবাহন, বিশেষত ইভির মোটরের জন্য অত্যাবশ্যক।